নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জের বাসিন্দা আলমাছ বেপারি পাওনা ২ লাখ টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গজারিয়া থানায় কথিত বিএনপি নেতা জালাল মিয়া (৪০) ও তাঁর স্ত্রী লিপি বেগমের (৩০) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বর্তমানে আলমাছ বেপারি চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গজারিয়ার চররমজান বেগ এলাকার গুচ্ছগ্রামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। সেখানে টাকা চাওয়াকে কেন্দ্র করে জালাল মিয়া ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আলমাছ বেপারিকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় অভিযুক্ত জালাল মিয়া ও তাঁর স্ত্রী লিপি বেগমের বিরুদ্ধে গজারিয়া থানায় অভিযোগ করেছেন আহত আলমাছ বেপারি।
এ ঘটনায় অভিযুক্ত জালাল ভূইয়া বলেন, আলমাছ বেপারী আমার আত্মীয় টাকা পাওনার বিষয়টি মিথ্যা। হামলার ঘটনায় আমিও আহত।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে অতিশীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”