সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় সড়কের পাশ থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় জহির ফকির (৫০) নামে এক যুবদল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক রাত ৯ টায় বালুরঘাট এলাকার একটি মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে জহির ফকির কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় দুই ব্যক্তি।
উদ্ধারকারীদের একজন রবিউল সানি (১৯), যিনি মুন্সীগঞ্জস্থ সরকারি হরগঙ্গা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী অপরজন জুনায়েদ সাগর (২৩), পেশায় একজন মিশুকচালক।
খবর নিয়ে জানা যায়, মৃত জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহবায়ক। তার স্থায়ী ঠিকানা আড়াইহাজারের খালিয়ার চর এলাকায়। বর্তমানে তিনি সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করছিলেন।
কীভাবে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে। সর্বশেষ জানা যায় তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।