সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের কার্যালয়ে পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মো. অহিদুল্লাহর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান রানা, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ, এরশাদ হোসেন অন্য, সেবাজের চেয়ারম্যান সাব্বির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা দৈনিক কালের সমাজের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাঁরা আশা প্রকাশ করেন, দৈনিক কালের সমাজ ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এগিয়ে যাবে।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির নবম বর্ষে পদার্পণ উদযাপন করেন। এ সময় উপস্থিত সবার মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।