বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও মৌজায় প্রবাসীর নির্মিত একটি টিনশেড ঘর চুরির অভিযোগ উঠেছে।
শনিবার (১ আগস্ট) উপজেলার নয়াপুর এলাকার এ ঘটনায় প্রবাসীর বড় বোন নীলুফা বেগম (৪৮) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি বলেন, প্রবাসী গোলাম মহিউদ্দিন সোনারগাঁ থানাধীন নোয়াগাঁও মৌজায় প্রায় ৫.২৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। প্রায় চার মাস আগে তিনি বিদেশে চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা জায়গাটি দেখভাল করে আসছিলেন। গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় এক ব্যক্তি প্রবাসী গোলাম মহিউদ্দিনকে মোবাইল ফোনে জানান, তার জমিতে থাকা টিনশেড ঘরটি খুলে নিয়ে যাওয়া হচ্ছে। পরে প্রবাসীর স্ত্রী ঘটনাস্থলে গিয়ে দেখেন, সম্পূর্ণ টিনশেড ঘরটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। চুরি হওয়া ঘরটির আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ঘরটি খুলে নিয়ে যায়। এ ঘটনায় অভিযোগকারী অজ্ঞাতনামা এবং তাদের মূল হোতা যাদের নির্দেশে ঐ এলাকার জমির দালাল ও তাদের সহকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, এই চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি খুব শীঘ্রই তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
