সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন সুমি আক্তার (২৮) নামে এক তরুণী।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে তিনি প্রেমিক নাঈম মিয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। সুমি আক্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শহিদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত নাঈম মিয়া সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকার হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে সুমি ও নাঈমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওই সময় নাঈম তাকে বিয়ের আশ্বাস দেন বলে দাবি করেন সুমি। তবে সম্প্রতি বিয়ের বিষয়ে নাঈম পিছিয়ে গেলে বাধ্য হয়ে তিনি প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেন।
সুমি আক্তারের অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পরও নাঈম বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। তাই বিয়ের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন বলে জানান।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নেন।
এ বিষয়ে নাঈমের মা বলেন, "মেয়ের মা আসুক। যদি প্রমাণ হয় যে আমার ছেলে তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে, তাহলে আমরা পারিবারিকভাবে তাদের বিয়ে দিয়ে দেব।"
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নাঈম মিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এছাড়া তার ব্যবহৃত নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে স্থানীয়দের আশা, উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে।
