সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় মাদকের প্রতিবাদ করায় রাজু (৩৮) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে চর কিশোরগঞ্জ এলাকার মোতালেব প্রধানের ছেলে শাহাদাত প্রধান ও তার সন্ত্রাসীদের বিরুদ্ধে।
রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০ টায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে শাহাদাত প্রধান ও তার সাথে থাকা স্থানীয় সন্ত্রাসীরা রাজু মিয়া (৩৮), ইয়ামিন (৩৬) সহ আরো কয়েকজনের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালালে রাজু ঘটনাস্থলে গুরুতর জখম হয়। পরে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু মিয়া (৩৮) শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামের আয়নাল হকের ছেলে। সে বিএনপির তৃণমূল পর্যায়ে রাজনীতির সাথে জড়িত ছিল।
নিহত রাজু'র মামাতো ভাই ইয়ামিন বলেন, চর কিশোরগঞ্জে আমরা কয়েকজন মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের উপর মোতালেব প্রধান ও তার ছেলে শাহাদাত প্রধানের নেতৃত্বে স্থানীয় নুরুল হকের ছেলে আঃ করিম (৩৫), পলাশ (৩২), সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩২) জাকির হোসেনের ছেলে জাহিদ হোসেন (৩৮), জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৩৪) ও নুরুদ্দিনের ছেলে শামীম (৩৩) দাড়ালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে আমার মামাতো ভাই রাজু নিহত হয়।
উল্লেখ্য যে, যুবদল নেতা শান্ত হত্যা মামলার অন্যতম আসামী ডিবি হারুনের সোর্স হিসেবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ ১০-১২টি মামলার চিহ্নিত আসামী শাহাদাত প্রধান ও তার স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজুকে কুপিয়ে হত্যাসহ এলাকায় রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক, হত্যা, ছিনতাই, জলদস্যুতা সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি আরও বলে, এটি রাজনৈতিক বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ, আলামত জব্দ ও জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
চরহোগলা গ্রামটি শম্ভুপুরা ইউনিয়নে সর্বশেষ প্রান্তে হওয়ায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত সোনারগাঁ থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আগামীকাল সকালে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
