সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। অভিযোগের পর ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামের বিরুদ্ধে ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। অভিযোগের পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
এ ঘটনায় সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা অফিস।
