সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উলুকান্দি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি মো. আমিনুল ইসলাম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি বলেন, গত ২৫ জুলাই ২০২৬ দুপুরে বিরোধীয় জমি নিয়ে আলোচনার সময় অভিযুক্ত উলুকান্দী এলাকার আবুল মেম্বারের ছেলে আলিনুর (৪০) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তিনি ও তার ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি মুমুর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন।
তিনি আরো বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
এদিকে অভিযুক্ত আলিনুরকে হামলার ঘটনায় জিজ্ঞাসা করার জন্য তার মোবাইল নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি খুব শীঘ্রই তদন্ত পূর্বক আইনানুগ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
