নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের স্বাক্ষর রাখলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃতি সন্তান ও বাংলাদেশি-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। তাঁর নির্মিত অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আফটার আস’ জাপানের মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬’-এ বিজয়ী হিসেবে চলচ্চিত্রটির নাম ঘোষণা করা হয়। পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি সচেতনতা সৃষ্টিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সোনারগাঁয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের পুত্র ওয়াহিদ ইবনে রেজা বর্তমানে কানাডায় বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি ভিএফএক্স ও অ্যানিমেশন জগতে আন্তর্জাতিক মানের কাজের মাধ্যমে সুনাম অর্জন করে চলেছেন।
ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মিত ‘আফটার আস’ চলচ্চিত্রে মানুষের বিলুপ্তির পর প্রকৃতির পুনরুজ্জীবন এবং প্রাণীদের সহাবস্থানের এক ব্যতিক্রমী গল্প তুলে ধরা হয়েছে। পরিবেশগত সংকট ও ভবিষ্যৎ পৃথিবী নিয়ে চলচ্চিত্রটির গভীর বার্তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ওয়াহিদ ইবনে রেজা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সুন্দর পৃথিবী গড়ে তোলাই তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা। তিনি এই সম্মাননা তাঁর কন্যা সামারা ওয়াহিদকে উৎসর্গ করেন।
সোনারগাঁয়ের এই কৃতি সন্তানের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য যেমন গর্বের, তেমনি নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।
