সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে তালতলা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ।
পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হিমেল, মুরাদ, নূর হোসেন, মোখলেস ও শফিকুল ইসলাম নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, নাশকতার অভিযোগের প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সোনারগাঁ উপজেলায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করেছে।
