সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খুদে ক্রীড়াবিদদের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।
আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এবার ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, বাছাই করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন।
এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি তাদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
