সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি:
শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ কে (৩৫) বন্দর উপজেলার জাঙ্গাল থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।
শনিবার (১১ এপ্রিল) র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসির একটি দল সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় অভিযান
পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়াসহ বিভিন্ন থানায়
তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।
১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, দীর্ঘদিন ধরে মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী,
দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁওসহ আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী চক্র পরিচালনা
করে আসছিলেন। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, জমি দখলসহ
নানা অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের
একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।
