সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা ও হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকার সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি নোহা মাইক্রোযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার বাসিন্দা,প্রবাসী বোরহান উদ্দিন (৩৩) । সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকার সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে সংঘবদ্ধ ৫-৬ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে তাকে জিম্মি করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট।
এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে অভিযোগ করে বলেন, মহাসড়কে টহল ও নজরদারি না থাকার কারণে অপরাধীরা একের পর এক এমন ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
মহাসড়কে চলাচলরত যাত্রীরা অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশের একটি অংশ নিয়মিত টহলের পরিবর্তে যানবাহন থেকে চাঁদাবাজি ও অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত থাকে। ফলে এশিয়ান হাইওয়েতে নিরাপত্তা কার্যত অনুপস্থিত।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা বলেন, হাইওয়ে পুলিশের ৮টি টিম বিভিন্ন স্থানে দায়িত্বে রয়েছে। পর্যায়ক্রমে তারা ডিউটি করেন। এশিয়ান হাইওয়েতে কোনো টিম সরাসরি দায়িত্ব পালন করে না।
