সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়ন মিয়া (৩০) হত্যাকাণ্ডের চার বছর পর হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূল আসামি মো. কামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাসেদ।
তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ (ডিএনডি) সড়ক এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানায়, ২০২১ সালের ৩১ ডিসেম্বর রাতে সোনারগাঁ উপজেলার মারবদী এলাকা থেকে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নয়ন মিয়া। পরদিন সকালে সাজাদের কান্দি এলাকায় একটি জমির পাশে রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা আলম বেপারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন।
