সোনারগাঁওয়ে ৫ আগষ্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 19, 2026

সোনারগাঁওয়ে ৫ আগষ্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পৌরসভার লাহাপাড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে গত ৫ আগষ্টে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


রোববার (১৯ এপ্রিল) দুপুরে ডাকাতি হওয়া তেলের খোঁজে সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন নরসিংদী সার্কেল এএসপি সালাউদ্দিন কাদের। পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া তেলের গাড়ির বিভিন্ন তথ্যের সিসি ফুটেজের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এ অভিযান পরিচালনা করা হয়। 


সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার লাহাপাড়া এলাকার মাহবুব সরকারের ৬ তলা ভবনের নিচতলায় এ অভিযান চালানো হয়। অভিযানে জাহিদুল ও আজিজুল নামে দুই জনকে আসামী হিসেবে সন্দেহ করা হচ্ছে বলে জানান পুলিশ।


অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় অভিযুক্ত হামসাদী এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. আজিজুল ইসলাম পালিয়ে যায় বলে জানানো হয়। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


সার্কেল এসপি সালাউদ্দিন কাদের বলেন, ডাকাতি হওয়া তেলের গাড়ির সূত্র ধরে আমরা অভিযান চালাই। অভিযানে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।