সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এসময় কর্মকান্ডে অভিযুক্ত সাবের মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
নিশ্চিত করেছেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে।
জানা গেছে, উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্নে অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এসময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকে সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন। পাশাপাশি কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করা হয়। উদ্ধারকৃত পরবর্তীতে কচ্ছপগুলোকে বৈদ্যেরবাজারে অবমুক্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলিকে অবমুক্তও করা হয়।
