সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদি এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগ উঠেছে। সম্প্রতি পুলিশের অভিযানের সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে অর্ধ-উলঙ্গ অবস্থায় পালিয়ে যেতে দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ‘জাতীয় পার্টির নোয়াগাঁও ইউনিয়নের প্রচার সম্পাদক’ পরিচয়ে পরিচিত ওয়াজকরুনী নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তাদের দাবি, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চরকামালদি এলাকার একটি খামারবাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ও তার কয়েকজন সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে এক নারীসহ কিছু আলামত উদ্ধারের দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শন ও মামলার হুমকি দেওয়া হয় বলেও দাবি তাদের।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে তারা আতঙ্কে রয়েছেন। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
