পহেলা বৈশাখে সোনারগাঁওয়ে প্রথমবারের মতো, মিনি ম্যারাথন আয়োজন - News Of Sonargaon

শিরোনাম

Monday, April 13, 2026

পহেলা বৈশাখে সোনারগাঁওয়ে প্রথমবারের মতো, মিনি ম্যারাথন আয়োজন



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনকে ভিন্ন মাত্রা দিতে প্রথমবারের মতো সোনারগাঁওয়ে মিনি ম্যারাথনের আয়োজন করেছে সামাজিক সংগঠন “ভোরের পাখি সোনারগাঁ”। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ম্যারাথনে অংশ নেন বিভিন্ন বয়সের ২ শতাধিক দৌড়বিদ।


সকালে বৈশাখের প্রথম প্রহরে ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ের মনোরম পরিবেশে ম্যারাথনের উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। 


ম্যারাথনের নির্ধারিত রুট পানামসিটি থেকে শুরু করে থানা রোড হয়ে মোগরাপাড়া চৌরাস্তা ও উদ্ববগঞ্জসহ নানা প্রান্তে ছিল স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।


প্রধান অতিথির বক্তব্যে আসিফ আল জিনাত বলেন, আমাদেরকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং বাংলা নববর্ষকে আনন্দঘনভাবে উদযাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজনের সঙ্গে উপজেলা পরিষদ সম্পৃক্ত থাকবে।


অংশগ্রহণকারীদের মধ্যে ভোরের পাখি সোনারগাঁয়ের সদস্য ও গণমাধ্যম কর্মী আল আমিন তুষার বলেন, পহেলা বৈশাখে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি শুধু শারীরিক সুস্থতার বার্তা দেয় না, বরং স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করতেও সহায়ক ভূমিকা রাখে।


আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে আয়োজক সেলিম হোসেন, বিপ্লব আহমেদ, ট্রেইনার মো: শহীদ, প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ হোসেনসহ আরো অনেকে।