সোনারগাঁওয়ে ট্রাক চালককে জিম্মি করে চাঁদাবাজি, না দেয়ায় বাড়িতে হামলা ও ১৫ লাখ টাকার মালামাল লুট - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, April 1, 2026

সোনারগাঁওয়ে ট্রাক চালককে জিম্মি করে চাঁদাবাজি, না দেয়ায় বাড়িতে হামলা ও ১৫ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সন্ত্রাসী কায়দায় এক ট্রাক চালককে জিম্মি করে চাঁদাবাজি, নির্মম নির্যাতন এবং পরবর্তীতে বাড়িতে হামলা চালিয়ে লাখো টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। অতর্কিত হামলায় ৫জন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।  

 

বুধবার (১ এপ্রিল) সকালে ১১ টায় উপজেলার আনন্দবাজার এলাকার টেঙ্গারচর গ্রামের আবুল হোসেন একই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে রতন (৩৫), মনির হোসেনের ছেলে সাকিব (২৬), হাবিবুল্লাহর ছেলে রাজু (৩৫), ইব্রাহিম (২৫) সহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

আবুল হোসেন বলেন, আনন্দবাজারস্থ ফ্রেশ কোম্পানী থেকে বৈধ ভাবে ওয়েস্টেজ মালামাল ট্রাক দিয়ে বের করে আনার পর রাস্তা অবরোধ করে চালকদের জিম্মি করে ১ লক্ষ টাকা চাঁদা চাইলে না দেয়ায় অকথ্য ভাষায় গালাগালি করে। পরবর্তীতে দলবল নিয়ে দেশী অস্ত্র নিয়ে আমার বাড়িতে রতনের নেতৃত্বে হামলা ও লুটপাট চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

 

আবুল হোসেনের স্ত্রী  রিনা বেগম বলেন, রাতের আধারে হামলা ও লুটপাটের সময় আমরা প্রথমে ডাকাত আতংকে চুপ হয়ে যাই। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে লুটপাট করতে দেখে বাঁধা দিলে তারা আমাদেরকে মারধর শুরু করে।

 


পরিবহন চালকদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত রতনকে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা। কারো বাড়িতে এভাবে হামলা চালানো এতো সহজ না।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মুহিব্বুল্লাহ বলেন, গত রাতে আনন্দবাজারের বসত বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক দোষীদের শাস্তির আওতায় আনা হবে।