১৭দিন জেল খেটে জামিনে বেরিয়ে সাক্ষীকে আসামির জুতাপেটা - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 24, 2022

১৭দিন জেল খেটে জামিনে বেরিয়ে সাক্ষীকে আসামির জুতাপেটা

১৭দিন জেল খেটে জামিনে বেরিয়ে সাক্ষীকে আসামির জুতাপেটা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চেঙ্গাকান্দি গ্রামে ১৭ দিন জেলে থেকে জামিনে বেরিয়ে সাক্ষীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার বারদীর চেঙ্গাকান্দি গ্রামে ৮৫ বছর বয়সী বৃদ্ধ তাহের আলীকে ১৭টি জুতার বাড়ি দিয়েছে তারা। এ ঘটনায় তাঁর ছেলে যুবলীগ নেতা ইকবাল হোসেন সোনারগাঁ থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালে চেঙ্গাকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মূছা মিয়ার সঙ্গে কামাল মিয়ার জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। ওই ঘটনায় মূসা মিয়াসহ ৯ জনের বিরুদ্ধে হওয়া মামলায় তার বিপক্ষে তাহের আলী আদালতে সাক্ষ্য দেন। পরে আদালত তাদের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।


ওই রায়ের পর মূসা ও তার ভাই মোস্তফা মিয়াসহ অন্যরা আপিল করে। ১৭ দিন কারাভোগের পর গত সপ্তাহে তারা জামিনে বের হয়ে আসে। গত বৃহস্পতিবার সকালে তাহের আলী বাড়ির সামনের দোকানে চা পান করতে যান। সেখানে মুসা, মোস্তফা ও আনাজ মিয়া তাঁর সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে মোস্তফা ১৭টি জুতার বাড়ি দেয় তাকে।


তাহের আলীর ছেলে বারদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, তাঁর বাবার সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের আদালত সাজা দেন। এ মামলায় দু'জন কারাভোগ করে বেরিয়ে তার বাবাকে লাঞ্ছিত করেছে। এর আগে পিটিয়ে পা ভেঙে দিয়েছে তারা।


এ বিষয়ে মূসা মিয়া বলেন, তাহের আলীর মিথ্যা সাক্ষ্যে আদালত তাদের সাজা দিয়েছেন। ক্ষিপ্ত হয়ে মোস্তফা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে। তবে ১৭টি নয়, দু'চারটি বাড়ি দিয়েছে।


সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বয়সের মানুষকে এভাবে লাঞ্ছিত করা খুবই দুঃখজনক। অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।