সোনারগাঁয়ে ড্যাফোডিলস ইসলামি ক্যাডেট মাদরাসার মডেল টেস্টের ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, November 19, 2026

সোনারগাঁয়ে ড্যাফোডিলস ইসলামি ক্যাডেট মাদরাসার মডেল টেস্টের ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ড্যাফোডিলস ইসলামি ক্যাডেট মাদরাসার দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন (ভিটাবাড়ী) এলাকায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সমাবেশে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মাইনউদ্দীন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধু শিক্ষকদের ওপর নির্ভর করলে হবে না। সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। শিক্ষার্থীরা যেন মাদরাসায় আসার সময় মোবাইল ফোন সঙ্গে না আনে, সেদিকেও অভিভাবকদের নজর দিতে হবে।

মাদরাসার সাফল্যের কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি সফলতার সঙ্গে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। ২০২৫ ও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া হুফফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে একাধিকবার পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের স্বনামধন্য মাদরাসা ও স্কুলের পাঠ্যক্রম অনুসরণ করে এখানে পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।


ড্যাফোডিলস ইসলামি ক্যাডেট মাদরাসার সভাপতি আলহাজ শেখ আলমগীর হোসেন (আপেল) অনুষ্ঠানের আয়োজনের নির্দেশনায় ছিলেন। সমাবেশটি সঞ্চালনা করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সিরাজুল ইসলাম সিরাজী। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।