সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের পৃথক
দুটি স্থানে যাত্রীবাহী বাসে ও মালবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার
(১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা এবং এশিয়ান হাইওয়ের
মিরেরটেক বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুর
ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার
সঙ্গে সঙ্গে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে আসায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটির
ব্যাপক ক্ষতি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘ একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই দিন
ভোরে এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে
আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়
সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬)
মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে এসে থামে। খড়বোঝাই ট্রাকটি মালামাল নামানোর (আনলোড)
অপেক্ষায় সড়কের পাশে দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক ও হেলপার। ভোর সাড়ে ৫টার
দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। এ সময় ট্রাক চালক
রাস্তার পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে
এসে সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকে থাকা
সব খড় পুড়ে ছাই হয়ে যায়। একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন
ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে তালতলা
পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিমউদ্দীন বলেন, এ ঘটনায়
ট্রাকের মালামাল পুড়ে গেছে। তবে চালক বা হেলপারের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার সঙ্গে
জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কামরুজ্জামান
রানা
সোনারগাঁও প্রতিনিধি
মোবাইল ০১৭০৬-১১১৪৪৪