প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজনে চমক দেখাতে প্রস্তুত সোনারগাঁ যুবদল - News Of Sonargaon

শিরোনাম

Sunday, October 25, 2026

প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজনে চমক দেখাতে প্রস্তুত সোনারগাঁ যুবদল


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে উপজেলা যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ‘বিশেষ চমক’ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনটির স্থানীয় নেতারা।


জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় কর্মসূচিগুলো জাঁকজমকপূর্ণ ও সফল করতে রোববার (২৫ অক্টোবর) দুপুরে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা যুবদলের কার্যালয় ‘সোনামিয়া ম্যানশন’-এর তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছে। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচিতে উপজেলা ও পৌরসভার সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া বলেন, “সোনারগাঁয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে, যাতে তা সবার দৃষ্টি আকর্ষণ করে। সোনারগাঁ যুবদল এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন চমক উপহার দেবে।”


উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই যুবদলের মূল শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সফল করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। নির্ধারিত কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌরসভার সব পর্যায়ের নেতাকর্মীদের একসঙ্গে মাঠে থাকার আহ্বান জানান তাঁরা।


প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, যুবদল নেতা করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মাসুম বিল্লাহ, ইমরান ফারুক, খোকন সিকদার, বাবুল হোসেন, আরিফ হোসেন ও সোহাগসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।