সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তি উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন মোঃ রাইয়ান ইসলাম। তিনি সোনারগাঁও থানা যুবদলের সাবেক সভাপতি ও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আবুল কাশেমের নাতি। তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) জাতীয় যুবশক্তি সোনারগাঁও উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। মরহুম আবুল কাশেম সোনারগাঁয়ের রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রেরণা নিয়ে যুবসমাজকে সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর নাতি রাইয়ান ইসলাম।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ রাইয়ান ইসলাম বলেন, “আমার পরম শ্রদ্ধেয় দাদা মরহুম আবুল কাশেম ছিলেন সোনারগাঁয়ের রাজপথের লড়াকু সৈনিক। তিনি আজীবন গণমানুষের কল্যাণে ও যুবসমাজকে সংগঠিত করতে কাজ করেছেন। দাদার আদর্শ, নীতি এবং দেশপ্রেমই আমার রাজনীতির মূল অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত করা, তরুণদের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমি দাদার দেখানো পথেই হাঁটতে চাই। জাতীয় যুবশক্তি সোনারগাঁও উপজেলা শাখাকে একটি শক্তিশালী, অনুকরণীয় ও গতিশীল সংগঠনে রূপান্তর করতে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ যাত্রায় সোনারগাঁবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
রাইয়ান ইসলাম আহ্বায়ক মনোনীত হওয়ায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে অনেকে নতুন দায়িত্বে তাঁর সফলতা কামনা করছেন।