সোনারগাঁওয়ে বিয়েতে আসার পথে ১৪জন নিয়ে ট্রলার ডুবি, নিহত ১, নিখোঁজ ৪ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, September 24, 2026

সোনারগাঁওয়ে বিয়েতে আসার পথে ১৪জন নিয়ে ট্রলার ডুবি, নিহত ১, নিখোঁজ ৪


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্য আসার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে ১৪জন যাত্রীসহ একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। 


পানিতে ডুবে যাওয়াদের মধ্যকার রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মৃতদেহ এবং নয়জনকে জীবিত উদ্ধার করা হলেও একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন।


আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার সোনামই এলাকায় এমর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ একই পরিবারের চার সদস্যরা হলেন: হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)।  নিখোঁজরা এবং নিহত নারীর কুমিল্লা জেলার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 


জীবিত উদ্ধার নিখোঁজ হেলালের স্ত্রী শিরিন বেগম বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার ভাতিজি সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে ট্রলারে করে বিয়ের জন্য দুটি গরু ও একটি খাসী নিয়ে রওনা দেন। যাত্রাপথে সোনামই এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পানির নিচে ডুবে যান। ঘটনার সময়কলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধারে গিয়ে জীবিত নয়জনসহ মৃত রায়েসাকে উদ্ধার করতে সক্ষম হন।



এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন। তবে শুনেছি ৪জন নিখোঁজ অবস্থায় আছেন। 


সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে আমরা খবর পাই বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।


উদ্ধার কার্যক্রম সম্পর্কে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিখোঁজ চারজনকে উদ্ধারে আমাদের ডুবুরি দল গিয়েছিল। তবে রাত্রি হয়ে যাওয়ায় আজ উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি, আগামীকাল সকালে উদ্ধার কার্যক্রম চালু করা হবে।