সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেডকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
সোমবার (৩১ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দল চৈতী কম্পোজিট লিমিটেড সরেজমিনে পরিদর্শন করে। এ সময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনাগুলো পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে পরীক্ষা করা হয়।
পরীক্ষায় তরল বর্জ্যে বিওডি ৭৬ মিলিগ্রাম/লিটার, সিওডি ৪২৯ মিলিগ্রাম/লিটার, টিএসএস ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তরের দাবি, এসব মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার বাইরে। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
পরে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও কাগজপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়।
এর ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
