সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশনে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ কালো ব্যাগকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী বোমা আতঙ্কের সৃষ্টি হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে খুলে কোনো বিস্ফোরক বা বোমা না পেয়ে ভেতরে কিছু পুরোনো কাপড় ও কাগজপত্র উদ্ধার করে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
রোববার (২৬ জুলাই) কাঁচপুর মোড়সংলগ্ন ইউনাইটেড ফিলিং স্টেশন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক অজ্ঞাত ব্যক্তি ফিলিং স্টেশন চত্বরে একটি কালো রঙের তালাবদ্ধ ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় ব্যাগটির কোনো দাবিদার না থাকায় কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাগটিতে বিস্ফোরক থাকতে পারে-এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে ঢাকা থেকে সিআইডি/সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বিশেষ প্রযুক্তির মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে।
দীর্ঘ প্রস্তুতির পর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক নেই। সেখানে পাওয়া যায় কিছু পুরোনো কাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে আসে।
পুলিশ জানিয়েছে, ব্যাগটি সেখানে ভুলবশত কেউ রেখে গেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টি করতে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
