সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সাংবাদিক, স্টুডেন্টস, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ব্র্যাকের ‘শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানি মুক্ত পাবলিক ও প্রাইভেট স্পেস তৈরি’ শীর্ষক এ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়ন করা হবে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী জেলায় এ প্রকল্পের কার্যক্রম চলবে।
প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, আরএমজি সেক্টর, গণপরিবহন ও কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ ও নিরাপদ চলাচলের জন্য ঝুঁকি বিশ্লেষণ করে ঝুঁকি ম্যাপ প্রণয়ন, অভিভাবক সভা, GBV প্রতিরোধে একশন প্ল্যান, যুব ফোরাম গঠনসহ নানা উদ্যোগ নেওয়ার কথা উঠে আসে আলোচনায়।
সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মিরাজুল ইসলাম , ব্র্যাক শিখা প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ারসহ অন্যান্য অংশগ্রহণকারী। ওরিয়েন্টেশন সভা সঞ্চালনা ও প্রকল্প উপস্থাপনা করেন টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী প্রমুখ।
