দমদমায় হৃদয়বিদারক ঘটনা—ছেলের আত্মহত্যা, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 5, 2026

দমদমায় হৃদয়বিদারক ঘটনা—ছেলের আত্মহত্যা, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দমদমা গ্রামে পারিবারিক সমস্যার জেরে উজ্জ্বল নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন উজ্জ্বল। এসব সমস্যার ভার সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।


এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে উজ্জ্বলের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানান, শোকাহত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।


একই পরিবারের বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দমদমা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


স্থানীয়রা বলেন, উজ্জ্বল একজন পরিচিত ও মিশুক মানুষ ছিলেন। তার অকাল মৃত্যু এবং সেই শোক সইতে না পেরে বাবার মৃত্যুর ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে।