সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পাওনা টাকার জন্য মৃত ব্যক্তির লাশের জানাজা ও দাফন আটকে দিলো সায়েম প্রধান নামে এক বিএনপি নেতা।
উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার ব্যবসায়ী গোলজার হোসেন দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঈদের দিন দুপুর ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করলে তার জানাজা ও দাফন সম্পন্ন করতে ঈদের ২য় দিন (২৯ মে) রোজ শুক্রবার সকাল ৮টায় মশুরাকান্দা ঈদগাহে নিলে এই ঘটনা ঘটে।
মৃত গোলজার হোসেনের ভাগিনা সুমন মিয়া বলেন, দীর্ঘদিন ব্যবসায়িক সম্পর্কের পর হঠাৎ অসুস্থ হয়ে পরায় টাকা না দিয়ে তিনি মৃত্যুবরণ করেন। লাশের খাটিয়া নিয়ে ঈদগাহে গেলে সনমান্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেক্রেটারি সায়েম প্রধান আমার মামার লাশের খাটিয়া আটকে দিয়ে টাকা না দিলে জানাজা ও দাফন হতে দিবে বলে হুমকি দেয়। এতে জানাজায় আগত ৬-৭ শত মানুষ ধিক্কার জানালে বিএনপি নেতা সায়েম ও তার ছেলে ইছাম আক্রমণাত্মক হয়ে উঠে। পরে বাড়ি থেকে দাবিকৃত ৩৬ হাজার টাকা দিলে তারা টাকা নিয়ে হুমকি দিয়ে চলে যায়।
মৃত গোলজারের ১২ বছর বয়সী ছেলে জিসান বলেন, আমার বাবা মারা যাওয়ার আগে সায়েম কাকার পাওনা টাকা পরিশোধের কথা আমাদেরকে বলে গিয়েছিল। কিন্তু আমাদের কোন সুযোগ না দিয়ে আমার বাবার লাশের খাটিয়া আটকে দিয়ে এমন ঘটনার আমরা নিন্দা জানাই।
অভিযুক্ত বিএনপি নেতা সায়েম প্রধান বলেন, বারবার টাকা চেয়ে না পেয়ে আমি পাওনা টাকার জন্য জানাজা আটকে দিলেও টাকা পরিশোধ করার পর আমি ও আমার ছেলে চলে আসছি।
মৃত গোলজার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে মারা গেছেন। এই অমানবিক ঘটনায় সনমান্দী সহ পুরো এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।
