সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সাদাফ সুলতান ফাউন্ডেশন আন্ত:উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর জমকালো ফাইনাল ম্যাচে বন্দর উপজেলা টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন আড়াইহাজার উপজেলা টিম।
শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় শুরু হওয়া শ্বাসরুদ্ধকর ফাইনালে বন্দর ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়াইহাজার উপজেলা দল।
সাদাফ সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ‘মাদক ছেড়ে কলম ধরো, মাঠে আসো’। এই বার্তাটি প্রতিটি তরুণের হৃদয়ে পৌঁছে দিতে হবে। হার-জিত বড় বিষয় নয়, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আয়োজক সংগঠন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মাহমুদ সানি বলেন, যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই তরুণেরা খেলামুখী হোক এবং সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের মেধা ও মনন বিকাশ করুক।
ফাইনাল খেলাটি উপভোগ করতে আড়াইহাজার ও বন্দর উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন আড়াইহাজার উপজেলা দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালিব কমিশনার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠু প্রমুখ।
টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা, এ-ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা এবং সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সালেহ মুছা প্রমুখ।
