সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নতুন বছরকে বরণ করে নিতে ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা ১৪৩৩। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এ মেলা আগামী ১লা বৈশাখ থেকে শুরু হয়ে টানা সাত দিন চলবে।
আগামী ১ থেকে ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (১৪-২০ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণ-এ এই মেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এরপর দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করা হবে। একই দিন দুপুর ১টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কারুশিল্পীরা তাদের তৈরি নান্দনিক পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করবেন। থাকবে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, পাটজাত পণ্য, লোকজ অলংকারসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহার।
এছাড়াও শিশু-কিশোরদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। আয়োজকরা জানান, বাংলা নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতেই এ আয়োজন।
লোকজ সংস্কৃতির টানে ও নতুন বছরের আমেজে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
