সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 5, 2026

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার শিকার যুবক সাইনবোর্ডস্থ একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। এরপর গতকাল রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।


নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে তার কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল, তারাই এ কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।


এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে বলা যাবে। মামলার প্রক্রিয়া চলছে।