সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান।
অভিযান চলাকালে তরমুজের দাম বেশি রাখার অভিযোগে মো. মুছা নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে বৈশাখী রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রোববার দুপুর দেড়টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাজারে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই দোকানী কে পণ্যের বিক্রয় তালিকা না রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে সোনারগাঁয়ে তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি ভালো রয়েছে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি এবং অবৈধ মজুত না করতে পারে- সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার ভূমির পেশকার বায়োজিদ, সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজসহ সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং অবৈধ মজুদ প্রতিরোধে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
