সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয় অভিযান চালিয়ে একটি অবৈধ ছাপাখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে প্রায় ২০ লাখ টাকার চার হাজার কপি গাইড বই ও ছাপানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে কাচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় একটি ভবনের ভেতরে অনুমোদনহীনভাবে গাইড বই ছাপানোর কার্যক্রম চলছিল।
অভিযানে চার হাজার কপি বিভিন্ন শ্রেণির গাইড বই জব্দ করা হয়। পাশাপাশি বই ছাপানোর ব্যবহৃত মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জামও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জব্দ করা বইগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকাশনীর নাম ব্যবহার করে গাইড বই অবৈধভাবে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
অভিযানের সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে।
কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
