সোনারগাঁওয়ে বাপ-দাদার জমি রক্ষায় ভূমিদস্যু আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - News Of Sonargaon

শিরোনাম

Friday, October 25, 2024

সোনারগাঁওয়ে বাপ-দাদার জমি রক্ষায় ভূমিদস্যু আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল



সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ  

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাপ-দাদার ভিটেমাটি রক্ষায় চিহ্নিত ভূমিদস্যু, মামলাবাজ, দখলবাজ আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন পিরোজপুর ইউনিয়নের ৪ গ্রামের সাধারণ মানুষ।


শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম্মা দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায়  পিরোজপুর ইউনিয়নের ৪ গ্রামের সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।


আল মোস্তফা গ্রুপের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত আব্দুর রউফ বলেন, “মহাসড়কের পাশে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে আল মোস্তফা কোম্পানির গেট বানিয়েছে। স্কুলের জমি দখল করে কোম্পানির গাইড ওয়াল নির্মাণ করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে। লাগামহীন ভূমিদস্যু আল মোস্তফা গ্রুপের দখল-দৌরাত্ম্য বন্ধ ও আমাদের বাপ-দাদার ভিটেমাটি রক্ষায় এবার একাট্টা হয়েছি আমরা”।


ক্ষতিগ্রস্ত সানোয়ার হোসেন বলেন, আমাদের চার ভাইয়ের জমির একজনের কাছ থেকে কিছু অংশ কিনে এখন পুরো জমিটি দখল করে নৈরাজ্য চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার জমি ফেরত পেতে সহযোগিতা চাই”। 


আষাঢ়িয়ারচর এলাকার বাসিন্দা মোঃ ইমতিয়াজ বলেন, “ভূমিদস্যু আল মোস্তফা গ্রুপ ও তাদের পালিত গুন্ডাবাহিনী জাল কাগজ তৈরি করে এলাকার নিরীহ মানুষের জমি দখলে নিয়ে ভোগদখল করছে। প্রতিবাদ করলে উল্টো মারধর করে এবং নানা প্রকার মামলা দিয়ে হয়রানি করে। তাদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চান এলাকাবাসী”। 


এসময় মানববন্ধন শেষে বিক্ষুব্ধ পিরোজপুর ইউনিয়নের চার গ্রামের প্রায় অর্ধসহস্রাধিক সাধারণ মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।