সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অসহায় মানুষের শীতের কষ্ট দূর করে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও লাঙ্গলবন্দ এলাকায় শায়খ আবু তাওয়ামা সংসদ নামে মাদ্রাসা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্লাটফর্ম থেকে এসব শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি শফিকুল ইসলাম জামী বলেন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে। এসময় মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করার জন্য বিশেষভাবে আহ্বান করছি।
শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে যুক্ত ছিলেন, শায়খ আবু তাওয়ামা সংসদের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য সালেহ আহমেদ মিসফর, সহ সভাপতি ইউসুফ মাহমুদ, সাধারণ সম্পাদক সালমান সাইদ, মিডিয়া সম্পাদক রিফাত মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসাইন, নির্বাহি সদস্য আবু বকর, সদস্য রফিকুল ইসলাম, ইব্রাহিম বিন মজিব, শাহজালাল, শেখ সাদী, আবু রায়হান, নোমান সাইদ, মাহমুদুল হাসান মীরসহ অন্যান্য সদস্যবৃন্দ।

