শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ডাকাত পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দক্ষিণপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুস সোহবান ওরফে সোহবান মিয়া। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। সে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোনালিসা সনির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান মিয়া।
জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে গত শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তার কর্মস্থলে যাওয়ার পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেয়ার জন্য গাড়ি থামান। এসময় তার আগে ৬-৭টি গাড়ি টোল দেয়ার লাইনে ছিল। এতে করে সামান্য যানজটের সৃষ্টি হয়। এসময় অতর্কিতভাবে ওসিকে বহনকারী প্রাইভেটকার (চট্টগ্রাম মোট্রো গ-১২৬৮৫১) চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে হিঁচড়ে দরজা খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইল সেট নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার রাতে ওসি আলমগীর হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর গত মঙ্গলবার ভোর রাতে ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাত ও গতকাল শনিবার সকালে সোহবান ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হাইওয়ে ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় সোহবান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে আরো দুই ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার করা হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল/মনির
