সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইসলাম ও নাসির উদ্দীন নাসু নামের ২জন জাল সনদ তৈরি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে তালতলা ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) উপজেলার বারদী বাজার এলাকা থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়।
তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলমের স্বাক্ষর ও অফিস পেইড জাল করে নকল ওয়ারিশ সনদ তৈরিকালে বারদী বাজার থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামাদি সহ ইসলাম ও নাসু নামের দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, তারা দীর্ঘ দিন যাবত বারদী বাজারে কম্পিউটারের মাধ্যমে নোয়াগাঁও, বারদী ও সনমান্দী ইউনিয়নের বিভিন্ন জাল কাগজপত্রাদি তৈরি করতো বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানা পুলিশ জানায়, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

