সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত ১ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 29, 2021

সোনারগাঁওয়ে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় রাস্তা পারাপারের সময় মিনা রানী নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় বাসন্তী রানী নামে আরো এক বৃদ্ধা আহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ি ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। 

 

নিহত মিনা রানী জামপুর মিরেরটেক গ্রামের মৃত সুনীল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ও আহত বাসন্তী রানী একই এলাকার জীবন চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

 

জামপুর তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন জানান, মদনপুর-জয়দেবপুর সড়কের জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকার বি আর স্পিনিং মিলের সামনে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মিনা রানী মারা যান। তার সঙ্গে থাকা বাসন্তী রানী মারাত্মক আহত হন।

 

খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় আহত বাসন্তী রানীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশের মাধ্যমে কোনো অভিযোগ না থাকায় নিহত রিনা রানীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।