সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিনব কায়দায় তেল চুরির অপরাধে ৬ জন তেল চোরকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে তাদের উপজেলার মেঘনা শিল্পনগরীর মদিনা কোম্পানী থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মদিনা গ্রুপের তেল চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় মদিনা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম বাদি হয়ে বুধবার সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, মেঘনা শিল্পনগরীর মদিনা সিমেন্ট ইন্ডাঃ লিঃ (লজিষ্টিকস) মদিনা পেট্রোলিয়াম, এল, পি, জি ষ্টেশন এন্ড কনভার্শন লিমিটেডের অধীনে পরিচালিত। এই পাম্প সাধারণত ট্রাকে তেল দিয়ে থাকেন। লজিষ্টিকস বিভাগের অপারেশন শাখায় কর্মকর্তাগন তেলের স্লিপ ইস্যু করেন। যা ড্রাইভাররা পেট্রোল পাম্পে জমা দিয়ে পাম্প অপারেটরের নিকট হতে তেল গ্রহন করেন। আসামীরা পরষ্পর যোগসাজশে গত ২০২০ সালের এপ্রিল থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাম্প অপারেটর, অপারেশন বিভাগের কর্মরত কর্মকর্তা ও ড্রাইভারসহ আরও ৫/৬ জন ফুয়েলের আসল স্লিপের সাথে হুবহু জাল স্লিপ তৈরী করে প্রতারণা করে ১ কোটি ৯ লাখ ৭৩ হাজার ৮২০ টাকার তেল চুরি করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন কচুয়া থানার পরানপুর গ্রামের কবির হোসেন পাটোয়ারীর ছেলে এমদাদ হোসেন, একই এলাকার তাজুল পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার ফুলবাড়ীয়া গ্রামের নাসির উদ্দিন খানের ছেলে নাজিম উদ্দিন খান, কুমিল্লা জেলার মুরাদনগর থানার খুরুইল গ্রামের সমেন্দ্র লাল রায়ের ছেলে আশীষ কুমার রায় ও একই থানার বদরপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে ইরন মিয়া।
এ ঘটনায় থানায় কোম্পানীর পক্ষ থেকে অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার রাতেই ৬ জনকে মদিনা কোম্পানী থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামীদের জিজ্ঞেসাবাদে তারা পুরো ঘটনা স্বীকার করেন।
