সোনারগাঁয়ে আসামি না ধরে সন্ত্রাসীদের সঙ্গে আপোস করার পরামর্শ এসআইয়ের - News Of Sonargaon

শিরোনাম

Sunday, October 18, 2020

সোনারগাঁয়ে আসামি না ধরে সন্ত্রাসীদের সঙ্গে আপোস করার পরামর্শ এসআইয়ের



সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাটিপাড়া গ্রামে গত শনিবার মা ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত ফাতেমা আক্তার (৫০) ও তার ছেলে মামুন খন্দকারকে (৩২) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করা হলে এস আই শাহাদাত ঘটনা তদন্তে শনিবার ভাটিপাড়া গ্রামে হামলার শিকার মামুনের বাড়ি যান।

এ সময় শুকুরদী গ্রামের কিরন মিয়ার ছেলে মো. রাজন (৩৮) ও মো. সেরজালালের ছেলে মো. তদবির (৩৯) ও মাদক ব্যবসায়ী আলালের সন্ত্রাসী বাহিনী আস্তানা থেকে হামলায় ব্যবহৃত রামদাসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায় ওই পুলিশ কর্মকর্তা। আসামিরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিলেও তাদের গ্রেফতার না করেই এসআই শাহাদাত চলে আসেন এবং মামলা না করে বরং এলাকার ওই মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদে সঙ্গে আপোস করার পরামর্শ দেন। এসআই শাহাদাৎ হামলার শিকার পরিবারকে বলেন, সাবেক উপজেলা চেয়াম্যান মোশাররফ হোসেনের কাছে আসামিরা গিয়ে ছিলেন। তিনি পুলিশকে ফোন করে বিষয়টি মিমাংশার কথা বলেছেন। তাই মামলা না করে আসামিদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলেন। উল্লেখ, শনিবার সকালে ভূমিদস্যু রাজন ও তদবিরের সন্ত্রাসী বাহিনী মামুনের পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় সন্ত্রাসীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার চেষ্টা চালায়।

আহত মামুন জানান, স্থানীয় ভূমিদস্যু চক্রের মূলহোতা রাজন সম্পত্তি দখলে আগেও একবার হামলা চালিয়েছিল। তিনি আরও জানান, সন্ত্রাসীদের ভয়ে তার পরিবারের সদস্যরা বাড়িতে যেতে পারছেন না।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই শাহাদাত হোসেন বলেন ঘটনার তদন্তে আমি সরজমিনে গিয়ে তদন্ত করে যা পেয়েছি আমি রিপোর্ট দিয়েছি৷ মামলা নেওয়ার দায়িত্ব আমার নয় যা করার ওসি স্যার করবে৷