কুখ্যাত ডাকাত নিহতের খবরে সোনারগাঁয়ে স্বস্তি। - News Of Sonargaon

শিরোনাম

Thursday, February 1, 2018

কুখ্যাত ডাকাত নিহতের খবরে সোনারগাঁয়ে স্বস্তি।

বন্দুকযুদ্ধে  নিহত ডাকাত সর্দার নজরুল

নিউজ অব সোনারগাঁওঃ  
সোনারগাঁয়ের বারদি এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুখ্যাত ডাকাত সর্দার নজরুল ইসলাম (৩৭) নিহত হয়েছে। এসময় ডাকাতদের গুলিতে ছামান মিয়া নামে এক এএসআইসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিভর্তি একটি বিদেশি রিভালবার, তিনটি ছোরা, একটি চাপাতি এবং একটি কলাপসিবল গেট ভাঙার যন্ত্র উদ্ধার করে।
সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম পিপিএম জানান, নিহত ডাকাত সর্দার মো. নজরুল ইসলাম পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নজরুল ও তার বাহিনী ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে সোনারগাঁও, আড়াইহাজার, মুন্সীগঞ্জ ও গজারিয়া থানায় ১৩টিরও বেশি ডাকাতি, অপহরণ ও খুনের মামলা রয়েছে। সে একটি অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারদী এলাকার ফুলদী গ্রামে ওসির নেতৃত্বে ইন্সপেক্টর মো. সোহেব খাঁন, এসআই আ. হক সিকদার, এসআই মাসুদ রানা, এসআই তানভীর আহমেদ, এসআই ইসহাক মিয়া, এসআই হাবিব, এএসআই মজিবুর রহমান, এএসআই ছামান মিয়াসহ সোনারগাঁ থানার তিনটি টিম দুর্ধর্ষ ডাকাত সর্দার ও তার বাহিনীর সদস্যদের ঘিরে ফেলে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে এএসআই ছামান মিয়া ও কনস্টেবল মোমিন মিয়া আহত হন। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডাকাত সর্দার নজরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।