সোনারগাঁওয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু - News Of Sonargaon

শিরোনাম

Monday, November 16, 2026

সোনারগাঁওয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


শনিবার ( ১৫ নভেম্বর ) রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।


পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় তার স্ত্রী নাসিমা বেগম (৩৮) বিষয়টি টের পান। তিনি চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারীক বলেন, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার থেকে মামলা গ্ৰহন পুর্বক আসামি শনাক্তপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।