সোনারগাঁওয়ে মাদকমুক্ত সমাজ গড়তে ১০ গ্রামের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - News Of Sonargaon

শিরোনাম

Friday, September 18, 2026

সোনারগাঁওয়ে মাদকমুক্ত সমাজ গড়তে ১০ গ্রামের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বৈদ্যেরবাজার ইউনিয়নের ১০ গ্রামের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আল-মানার ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আল-মানার ঈদগাহ কমিটির সভাপতি হাজী আঃ মোতালেব। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁও থানার ওসি মুহাম্মদ আব্দুল বারীক।


সমাবেশে ওসি আব্দুল বারীক মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে বলেন, মাদক ব্যক্তি ও পরিবারকে ধ্বংসের পাশাপাশি সমাজের আইনশৃঙ্খলার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদক প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


এ সময় যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি-র সহ-সভাপতি হাসেম প্রধান ও সামসু মিয়া, সাবেক ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী আওলাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।


সমাবেশে ১০ গ্রামের বাসিন্দারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।