সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁও রানার্স নামে একটি শরীরচর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে আয়োজিত ম্যারাথনে দৌড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় সোনারগাঁ উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটার দৌড় শুরু করে অর্ধেক শেষ করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে পরেন। এসময় তাকে দ্রুত মেডিকেল টিমের সহায়তায় সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে মদনপুরস্থ আল বারাকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত টিপু সুলতান (৪০) মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী।
সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬ এর মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সোনারগাঁওয়ে সারাদেশ থেকে আগত ৬ শত দৌড়বিদের মধ্যে টিপু সুলতান (৪০) ও আমাদের একজন দৌড়বিদ ছিলেন। আমরা তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
সোনারগাঁ রান ৭.৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানসহ আয়োজক কমিটি শোক প্রকাশ করেন।
