সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
‘জুলাই পথযাত্রা’ ও ‘জুলাই সমাবেশ’ উপলক্ষে আগামীকাল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে হামলার আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন দলটির নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩ টায় সোনারগাঁও চৌরাস্তা জামে মসজিদের সামনে পথযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া অংশ নেওয়ার কথা রয়েছে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের।
এনসিপি নেতারা জানান, এর আগে গত ৬ জুন রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি ফল উৎসবকে কেন্দ্র করে নির্মিত মঞ্চ ও প্যান্ডেলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নেতাকর্মীদের ওপর হামলায় অন্তত ১০ জন আহত হন। এছাড়া ৬ জুলাই সাভারে জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনাও ঘটে।
দলটির দাবি, গত বছর দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি চলাকালেও দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হতে হয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সোনারগাঁর কর্মসূচিকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
এনসিপি তুহিন মাহমুদ বলেন, আগামীকালকের জুলাই পথযাত্রা কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু হুমকি পেলেও তেমন গুরুতর হুমকি বা হামলার আশংকা নেই। নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
এনসিপির নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী বলেন, “আশঙ্কা তো অবশ্যই আছে। গত বছরও আমরা পদযাত্রা করতে গিয়ে দেশের কয়েকটি স্থানে সমস্যার মুখে পড়েছিলাম। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। কর্মসূচি নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।”
শওকত আলী আরও বলেন, “আমরা আশা করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে।”
