সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর. বিলকিস জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন।
অসাধারণ অর্জনে সোনারগাঁ প্রাথমিক শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
জানা গেছে, আগামী ১৫ জুলাই রাজধানীতে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করবেন।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছেন তিনি।
সোনারগাঁবাসীর প্রত্যাশা, এই অর্জন উপজেলার শিক্ষা অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং অন্যান্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
