জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে সাফল্য অর্জনে সোনারগাঁয়ের ইউএনও কে প্রশংসাপত্র প্রদান - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 1, 2026

জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে সাফল্য অর্জনে সোনারগাঁয়ের ইউএনও কে প্রশংসাপত্র প্রদান



সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ ও দৃষ্টান্তমূলক সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে (ইউএনও) বিশেষ প্রশংসাপত্র প্রদান করেছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।


বুধবার (১ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক প্রশংসাপত্রে উপ-পরিচালক নিগার ইয়াসমিন এ স্বীকৃতি প্রদান করেন।


প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আসিফ আল জিনাত (ইউএনও)’র দূরদর্শী নেতৃত্ব, কর্মক্ষমতা, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং জনগণকে সম্পৃক্ত করার অসামান্য সক্ষমতার ফলে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এ অর্জন শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয়, বরং অন্যান্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


এছাড়া নাগরিক সেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইউএনও’র ভূমিকারও ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ সফলতার ধারা অব্যাহত রাখতে নিয়মিত তদারকি, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয় আরও জোরদারের পরামর্শ প্রদান করা হয়েছে।