নিউজ ডেস্ক, নিউজ অফ সোনারগাঁও:
ষষ্ঠ শ্রেণি (স্কুল ও মাদ্রাসা) এবং একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের ‘নগদ’ নম্বরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির নিবন্ধন শুরু হয়েছে।
বৃহস্পতিবার নগদের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণি (স্কুল ও মাদ্রাসা) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃতরা এ নিবন্ধন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় , নিবন্ধনের জন্য ওয়েবসাইটের (https://hsp.pmeat.gov.bd) লিংকে গিয়ে ‘ইউজার আইডি’ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর মেন্যুতে গিয়ে ‘প্রাথমিক নির্বাচন’ অপশনে চাপ দিয়ে ‘নতুন শিক্ষার্থী এন্ট্রি’ অপশনে চাপ দিতে হবে। এরপর এন্ট্রি ফরমে শিক্ষার্থীর তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য দিয়ে নিশ্চিত করে তা সংরক্ষণ করতে হবে।
৭ মে ২০২৬ পর্যন্ত এই নিবন্ধন চলমান থাকবে জানিয়ে নগদ বলছে, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মা-বাবার মধ্যে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে, তার এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট খুলতে হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টধারীর নাম হিসেবে শিক্ষার্থীর মা-বাবার নাম থাকবে। এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা সফলভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছে নগদ।
এ বিষয়ে নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও উপবৃত্তির টাকা অত্যন্ত সফলভাবে বিতরণ করে আসছে নগদ। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা গ্রহণেও শিক্ষার্থী ও অভিভাবকদের পছন্দের শীর্ষে থাকবে নগদ।”
তিনি বলেন, “সহজে সবখানে সেবা পাওয়ায় নগদ এখন মানুষের কাছে একটি আস্থার নাম।”
